6

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। স্বর, শমীনীৎ। দায়ূদের সঙ্গীত।

1 হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না,

কোপে আমাকে শাসন করিও না।

2 হে সদাপ্রভু, আমাকে কৃপা কর,

কেননা আমি ম্লান হইয়াছি;

হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর,

কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে।

3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে;

আর, তুমি, হে সদাপ্রভু, আর কত কাল?

4 হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর,

তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর।

5 কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না,

পাতালে কে তোমার স্তব করিবে?

6 আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি;

প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই,

আমি নেত্রজলে খাট ভিজাই।

7 মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে;

আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।

8 হে অধর্মাচারী সকলে, আমা হইতে দূর হও,

কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।

9 সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন;

সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন।

10 আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে;

তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে।