60

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শূষণ-এদূৎ। দায়ূদের মিক্‌তাম। শিক্ষার্থক। যৎকালে অরাম-নহরয়িমের ও অরাম-সোবার সঙ্গে তাঁহার যুদ্ধ হয়, আর যোয়াব ফিরিয়া লবণ উপত্যকায় ইদোমের দ্বাদশ সহস্র লোককে নিহনন করেন, তৎকালীন।

1 হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ,

আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ;

ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।

2 তুমি দেশ প্রকম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ;

দেশের ভঙ্গের প্রতীকার কর,

কেননা দেশ টলিতেছে।

3 তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ,

তুমি আমাদিগকে অস্থিরতারূপ মদ্য পান করাইয়াছ।

4 যাহারা তোমাকে ভয় করে,

তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ,

যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। [সেলা]

5 তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়,

তজ্জন্য তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ কর,

আমাদিগকে উত্তর দেও।

6 ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন।

আমি উল্লাস করিব, আমি শিখিম বিভাগ করিব,

ও সুক্কোতের তলভূমি মাপিব।

7 গিলিয়দ আমার, মনঃশিও আমার;

আর ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ;

যিহূদা আমার বিচারদণ্ড;

8 মোয়াব দেশ আমার প্রক্ষালনপাত্র;

আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব;

হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।

9 কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়া যাইবে?

কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাইবে? ৬০:৯ ক* (বা) দেখাইয়াছেন।

10 হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই?

হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন কর না।

11 বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;

কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলীক।

12 ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব;

তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন।