61

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের।

1 হে ঈশ্বর, আমার কাকূক্তি শ্রবণ কর,

আমার প্রার্থনায় অবধান কর।

2 চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব;

আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।

3 কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়,

শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ।

4 আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব,

তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। [সেলা]

5 কেননা, হে ঈশ্বর, তুমিই আমার মানত সকল শুনিয়াছ,

যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ।

6 তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে,

তাঁহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে।

7 তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন;

দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর।

8 তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব,

দিন দিন আপন মানত পূর্ণ করিব।