62

প্রধান বাদ্যকরের জন্য। যিদূথূনের প্রণালীতে। দায়ূদের সঙ্গীত।

1 আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,

তাঁহা হইতেই আমার পরিত্রাণ।

2 কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;

তিনি মম উচ্চদুর্গ,

আমি অতিশয় বিচলিত হইব না।

3 তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে,

সকলে তাহাকে হনন করিবে,

হেলিয়া পড়া দেওয়াল ও ভাঙ্গা বেড়ার ন্যায়?

4 উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে;

উহারা মিথ্যা কথায় আমোদ করে,

উহারা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। [সেলা]

5 হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;

কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।

6 কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;

তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।

7 আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ;

আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।

8 হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর,

তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল;

ঈশ্বরই আমাদের আশ্রয়। [সেলা]

9 সামান্য লোকেরা বাষপমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা;

তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে;

তাহাদের সর্বস্ব বাষপ অপেক্ষা লঘু।

10 তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না;

ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না।

11 ঈশ্বর একবার বলিয়াছেন,

দুই বার আমি এই কথা শুনিয়াছি;

পরাক্রম ঈশ্বরেরই।

12 আর, হে প্রভু, দয়া তোমার,

কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।