63

দায়ূদের সঙ্গীত। যিহূদার প্রান্তরে তাঁহার অবস্থিতিকালীন।

1 হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;

আমি সযত্নে ৬৩:১ (বা) প্রত্যুষে। তোমার অন্বেষণ করিব;

আমার প্রাণ তোমার জন্য পিপাসু,

আমার মাংস তোমার জন্য লালায়িত,

শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।

2 এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম,

তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য।

3 কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;

আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।

4 এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,

আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।

5 আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়,

আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে।

6 আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি,

তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি।

7 কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ,

তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব।

8 আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী;

তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে।

9 কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে,

তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে।

10 তাহারা খড়্‌গের হস্তে সমর্পিত হইবে,

তাহারা শৃগালের খাদ্য হইবে।

11 কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন;

যে কেহ তাঁহাতে শপথ করে, সে শ্লাঘা করিবে;

কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে।