64

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।

1 হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শুন,

শত্রুভয় হইতে আমার জীবন রক্ষা কর।

2 দুরাচারদের গূঢ় মন্ত্রণা হইতে,

অধর্মাচারীদের জনতা হইতে,

আমাকে সঙ্গোপন কর।

3 তাহারা খড়্‌গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে;

তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,

4 যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তাহা নিক্ষেপ করে;

তাহারা অকস্মাৎ তাহাকে বাণ মারে, ভয় করে না।

5 তাহারা কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে,

গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্তা কহে;

তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে?

6 তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়,

[বলে,] আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি,

প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর।

7 কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন,

অকস্মাৎ তাহারা বাণে আহত হইবে।

8 এইরূপে তাহারা উছোট খাইবে;

তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে;

যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে।

9 আর মনুষ্যমাত্র ভীত হইবে,

তাহারা ঈশ্বরের কর্ম প্রচার করিবে,

আর তাঁহার কার্য বিবেচনা করিবে।

10 ধার্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে,

ও তাঁহার শরণাগত থাকিবে,

আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।