67

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। সঙ্গীত। গীত।

1 ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্বাদ করুন,

আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। [সেলা]

2 এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ,

ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়।

3 হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক,

সমস্ত জাতি তোমার স্তব করুক।

4 লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দগান করুক;

যেহেতু তুমি ন্যায়ে জাতিগণের বিচার করিবে,

পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। [সেলা]

5 হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক,

সমস্ত জাতি তোমার স্তব করুক।

6 পৃথিবী নিজ ফল দিয়াছে;

ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদিগকে আশীর্বাদ করিবেন।

7 ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন,

আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাঁহাকে ভয় করিবে।