70

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের। স্মরণার্থক।

1 হে ঈশ্বর, আমার উদ্ধারার্থে [ত্বরা কর];

হে সদাপ্রভু, আমার সাহায্য করিতে ত্বরা কর।

2 যাহারা আমার প্রাণের অন্বেষণ করে,

তাহারা লজ্জিত ও হতাশ হউক;

যাহারা আমার বিপদে প্রীত হয়,

তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক।

3 যাহারা বলে, অহো, অহো,

তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাউক।

4 যাহারা তোমার অন্বেষণ করে,

তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক;

যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে,

তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হউন।

5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র;

হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর;

তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্তা;

হে সদাপ্রভু, বিলম্ব করিও না।