72

শলোমনের।

1 হে ঈশ্বর, তুমি রাজাকে আপনার শাসন,

রাজপুত্রকে আপনার ধর্মশীলতা প্রদান কর।

2 তিনি ধার্মিকতায় তোমার প্রজাগণের,

ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করিবেন। ৭২:২ ক* (বা) করুন। এই গীতে ভবিষ্যৎকালের ক্রিয়াপদগুলি এইরূপে অনুবাদ করা যাইতে পারে।

3 পর্বতগণ ও উপপর্বতগণ ধার্মিকতা দ্বারা

প্রজাদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হইবে।

4 তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন,

তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন,

কিন্তু উপদ্রবীকে চূর্ণ করিবেন।

5 যাবৎ সূর্য থাকিবে, লোকে তোমাকে ভয় করিবে,

যাবৎ চন্দ্র থাকিবে, পুরুষানুক্রমেই করিবে।

6 ছিন্নতৃণ মাঠে বৃষ্টির ন্যায় তিনি নামিয়া আসিবেন,

ভূমি সিঞ্চনকারী জলধারার ন্যায় আসিবেন।

7 তাঁহার সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হইবে,

চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হইবে।

8 তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্যন্ত,

ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করিবেন।

9 তাঁহার সম্মুখে মরুনিবাসীরা নত হইবে,

তাঁহার শত্রুগণ ধুলা চাটিবে।

10 তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন;

শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।

11 হাঁ, সমুদয় রাজা তাঁহার কাছে প্রণিপাত করিবেন;

সমুদয় জাতি তাঁহার দাস হইবে।

12 কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে,

এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করিবেন।

13 তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন,

তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন।

14 তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে

তাহাদের প্রাণ মুক্ত করিবেন,

তাঁহার দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে;

15 আর তাহারা জীবিত থাকিবে; ৭২:১৫ ক* (বা) আর তিনি জীবিত থাকিবেন। ও তাঁহাকে শিবার সুবর্ণ দান করা যাইবে,

লোকে তাঁহার নিমিত্ত নিরন্তর প্রার্থনা করিবে,

সমস্ত দিন তাঁহার ধন্যবাদ করিবে।

16 দেশমধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হইবে,

তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে;

এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে।

17 তাঁহার নাম অনন্তকাল থাকিবে;

সূর্যের স্থিতি পর্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে;

মনুষ্যেরা তাঁহাতে আশীর্বাদ পাইবে;

সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে।

18 ধন্য সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর;

কেবল তিনিই আশ্চর্য ক্রিয়া করেন।

19 তাঁহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্য;

তাঁহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হউক।

আমেন, আমেন।

20 যিশয়ের পুত্র দায়ূদের প্রার্থনা সকল সমাপ্ত।