75

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। আসফের সঙ্গীত। গীত।

1 হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি,

ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী;

লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে।

2 “আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব,

তখন আমিই ন্যায্য বিচার করিব।

3 পৃথিবী ও তন্নিবাসিগণ বিলীন হইতেছে;

আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। [সেলা]

4 আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না;

দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না।

5 তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না;

শক্তগ্রীব হইয়া কথা কহিও না।”

6 কেননা উদয়-স্থান হইতে, কি পশ্চিম হইতে,

অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়।

7 কিন্তু ঈশ্বরই বিচারকর্তা;

তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।

8 কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে,

তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে,

তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ,

আর তিনি তাহা হইতে ঢালেন,

পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্যন্ত চাটিয়া খাইবে।

9 কিন্তু আমি চিরকাল প্রচার করিব,

যাকোবের ঈশ্বরের উদ্দেশে সঙ্গীত করিব।

10 আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব,

কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।