82

আসফের সঙ্গীত।

1 ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান,

তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন।

2 তোমরা কতকাল অন্যায় বিচার করিবে,

ও দুষ্টলোকদের মুখাপেক্ষা করিবে? [সেলা]

3 দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর;

দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

4 দীনহীন ও দরিদ্রকে নিস্তার কর;

দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার কর।

5 উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে;

পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে।

6 আমিই কহিয়াছি, তোমরা ঈশ্বর,

তোমরা সকলে পরাৎপরের সন্তান;

7 কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে,

একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।

8 হে ঈশ্বর, উঠ, পৃথিবীর বিচার কর;

কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করিবে।