84

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিত্তীৎ। কোরহ-সন্তানদের সঙ্গীত।

1 হে বাহিনীগণের সদাপ্রভু,

তোমার আবাস কেমন প্রিয়!

2 আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য

আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়,

আমার হৃদয় ও আমার মাংস

জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।

3 সত্য, চটকপক্ষী এক কুলায় ৮৪:৩ নীড় বা পাখীর বাসা। পাইয়াছে,

খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে;

তোমার বেদিই সেই স্থান,

হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন্‌, আমার ঈশ্বর।

4 ধন্য তাহারা, যাহারা তোমার গৃহে বাস করে,

তাহারা সতত তোমার প্রশংসা করিবে। [সেলা]

5 ধন্য সেই ব্যক্তি, যাহার বল তোমাতে,

[সিয়োনগামী] রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে।

6 তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে;

প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে।

7 তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়,

প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের কাছে দেখা দেয়।

8 হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুন;

হে যাকোবের ঈশ্বর, কর্ণপাত কর। [সেলা]

9 দেখ, হে ঈশ্বর, আমাদের ঢাল,

দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।

10 কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম;

বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে

দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়,

তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।

11 কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল;

সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন;

যাহারা সিদ্ধতায় চলে,

তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না।

12 হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি,

যে তোমার উপরে নির্ভর করে।