9

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মুৎ-লব্বেন। দায়ূদের সঙ্গীত।

1 আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,

তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।

2 আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব;

পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।

3 যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়,

তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়।

4 কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষপন্ন করিয়াছ,

তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ।

5 তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ,

তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।

6 শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে;

তুমি নগর সকল ধ্বংস করিয়াছ;

তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে।

7 কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন;

তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন।

8 আর তিনিই ধর্মশীলতায় জগতের বিচার করিবেন,

ন্যায়ে জাতিগণের শাসন করিবেন।

9 আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ,

সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ।

10 যাহারা তোমার নাম জানে,

তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;

কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।

11 তোমরা সিয়োন-নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও;

জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর।

12 কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন,

তিনি নিহতদিগকে স্মরণ করেন;

তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না;

13 হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর;

বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখ,

তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকর্তা;

14 এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব;

সিয়োন-কন্যার পুরদ্বারসমূহে,

আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব।

15 জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে;

তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল,

তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।

16 সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন;

তিনি বিচার সাধন করিয়াছেন;

দুষ্ট স্বহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। [হিগায়োন। সেলা]

17 দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে,

যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে।

18 কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না,

দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না।

19 হে সদাপ্রভু, উঠ; মর্ত্য প্রবল না হউক,

তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হউক।

20 হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর;

জাতিগণ জানুক যে, তাহারা মর্ত্যমাত্র। [সেলা]