93

1 সদাপ্রভু রাজত্ব করেন;

তিনি মহিমাতে সজ্জিত;

সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি;

আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না।

2 তোমার সিংহাসন পূর্বাবধি অটল;

অনাদিকাল হইতে তুমি বিদ্যমান।

3 নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু,

নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে,

নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।

4 জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা,

সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা,

ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান।

5 তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু,

চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।