96

1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও;

সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও,

তাঁহার নামের ধন্যবাদ কর,

দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।

3 প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব,

সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য কর্ম সকল।

4 কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়,

তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।

5 কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র,

কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা;

6 প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্তী;

শক্তি ও শোভা তাঁহার ধর্মধামে বিদ্যমান।

7 হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্তন কর,

সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন কর।

8 সদাপ্রভুর নামের গৌরব কীর্তন কর,

নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার প্রাঙ্গণে আইস।

9 পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর;

সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও।

10 জাতিগণের মধ্যে বল, সদাপ্রভু রাজত্ব করেন;

জগৎও অটল, তাহা বিচলিত হইবে না;

তিনি ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।

11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হউক;

সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জন করুক;

12 ক্ষেত্র ও তথাকার সকলই উল্লসিত হউক;

তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে;

13 সদাপ্রভুর সাক্ষাতেই করিবে,

কেননা তিনি আসিতেছেন,

তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন;

তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন,

আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।