98

সঙ্গীত।

1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও,

কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন;

তাঁহার দক্ষিণ হস্ত ও তাঁহার পবিত্র বাহু

তাঁহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে।

2 সদাপ্রভু আপনার পরিত্রাণ জ্ঞাত করিয়াছেন,

তিনি জাতিগণের দৃষ্টিগোচরে আপন ধর্মশীলতা প্রকাশ করিয়াছেন।

3 তিনি ইস্রায়েল-কুলের পক্ষে আপন দয়া ও বিশ্বস্ততা স্মরণ করিয়াছেন;

পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিয়াছে।

4 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর;

উচ্চধ্বনি কর, আনন্দগান কর, প্রশংসা গাও।

5 গান কর সদাপ্রভুর উদ্দেশে বীণা সহকারে,

বীণা সহকারে ও গানের রবে।

6 তূরী ও ভেরিবাদ্য সহকারে রাজা সদাপ্রভুর সম্মুখে জয়ধ্বনি কর।

7 সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জন করুক,

ভুবন ও তন্নিবাসিগণও করুক;

8 নদ-নদীগণ করতালি দিউক,

পর্বতগণ একসঙ্গে আনন্দগান করুক;

9 সদাপ্রভুর সাক্ষাতেই করুক,

কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন;

তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন,

ও ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।