99

1 সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে;

তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।

2 সদাপ্রভু সিয়োনে মহান,

তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

3 তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক;

তিনি পবিত্র।

4 রাজার বলও বিচার ভালবাসেন;

তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক,

তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করিয়া থাক।

5 তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর,

তাঁহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত কর;

তিনি পবিত্র।

6 তাঁহার যাজকদের মধ্যবর্তী মোশি ও হারোণ,

যাঁহারা তাঁহার নামে ডাকেন,

তাঁহাদের মধ্যবর্তী শমূয়েল;

তাঁহারা সদাপ্রভুকে ডাকিতেন,

এবং তিনি উত্তর দিতেন।

7 তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাঁহাদের কাছে কথা কহিতেন;

তাঁহারা তাঁহার সাক্ষ্য সকল

ও তাঁহার প্রদত্ত বিধি পালন করিতেন।

8 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর,

তুমিই তাঁহাদিগকে উত্তর দিয়াছিলে,

তুমি তাঁহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে,

তথাপি তাঁহাদের কর্মের প্রতিফল দিয়াছিলে।

9 তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর,

তাঁহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত কর;

কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।