3

1 রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম,

অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।

2 [বলিলাম], আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব,

গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব,

আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব;

অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।

3 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল,

[আমি বলিলাম], তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখিয়াছ?

4 আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম,

অমনি আমার প্রাণ-প্রিয়তমকে পাইলাম,

আমি তাঁহাকে ধরিলাম, ছাড়িলাম না,

যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম,

আমার জননীর অন্তঃপুরে না আনিলাম।

5 অয়ি যিরূশালেমের কন্যাগণ।

আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি,

মৃগী ও মাঠের হরিণীদের দিব্য দিয়া বলিতেছি,

তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজিত করিও না,

যে পর্যন্ত তাহার বাসনা না হয়।

6 গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া,

বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া,

ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন, উনি কে?

7 দেখ, উহা শলোমনের শিবিকা ৩:৭ পাল্‌কি,

উহার চারিদিকে ষাট জন বীর আছেন,

উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্তী।

8 উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল;

উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে,

রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।

9 শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোল নির্মাণ করিলেন,

লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।

10 তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন,

সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন,

এবং যিরূশালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল।

11 অয়ি সিয়োন-কন্যাগণ।

তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর;

তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন,

তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে।