Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

27
যোথম রাজার বিবরণ
1 যোথম পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ষোল বৎসর রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিরূশা, তিনি সাদোকের কন্যা। 2 যোথম আপন পিতা উষিয়ের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যাইতেন না; এবং লোকেরা তৎকালেও দুরাচরণ করিত। 3 তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাঁথাইলেন, এবং ওফলের দেওয়ালের অনেক স্থান গাঁথাইলেন; 4 আর তিনি যিহূদার পর্বতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে গড় ও দুর্গ নির্মাণ করিলেন। 5 আর তিনি অম্মোন-সন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিলেন; তাহাতে অম্মোন-সন্তানগণ সেই বৎসরে তাঁহাকে একশত তালন্ত রৌপ্য, দশ সহস্র কোর গম ও দশ সহস্র [কোর] যব দিল; এবং দ্বিতীয় ও তৃতীয় বৎসরেও অম্মোন-সন্তানগণ তাঁহাকে তত দিল। 6 এইরূপে যোথম শক্তিমান হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে আপন পথ ব্যবস্থিত করিয়াছিলেন।
7 যোথমের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, তাঁহার সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। 8 তিনি পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ষোল বৎসর রাজত্ব করেন। 9 পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকেরা তাঁহাকে দায়ূদ-নগরে কবর দিল, এবং তাঁহার পুত্র আহস তাঁহার পদে রাজা হইলেন।