Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

শমূয়েলের দ্বিতীয় পুস্তক
ভূমিকা
দ্বিতীয় শমূয়েলের পুস্তক হইল প্রথম শমূয়েলের পুস্তকের পরবর্তী অংশ। এই অংশে রাজা দায়ূদের আমলের ইতিহাস বর্ণিত হইয়াছে। প্রথমে তিনি দক্ষিণে যিহূদা দেশের উপর রাজত্ব করেন (১-৪ অধ্যায়) এবং ইহার পরে উত্তরের ইস্রায়েল সহ সমগ্র জাতির উপর (৫-২৪ অধ্যায়) রাজত্ব করেন। কিভাবে দায়ূদ তাঁহার রাজ্য বিস্তারের জন্য এবং বিদেশের বিরুদ্ধশক্তি তথা শত্রুদের সহিত কঠোর সংগ্রাম করিয়াছিলেন, এখানে তাহারই বিশদ বিবরণ আছে। এখানে দায়ূদকে একাধারে গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী ও ভক্তরূপে এবং একান্ত অনুগত প্রজাদের প্রিয় রাজারূপে চিত্রিত করা হইয়াছে। আবার সেই সাথে দেখান হইয়াছে কখনও তিনি নির্মম হইয়াছেন, কামনা-বাসনা চরিতার্থ করিবার জন্য অন্যায় করিয়াছেন। সদাপ্রভুর ভাববাদী নাথনের মাধ্যমে তিনি ঈশ্বরের নিকটে পাপ স্বীকার করিয়াছেন এবং তাঁহার দেওয়া শাস্তিও গ্রহণ করিয়াছেন। দায়ূদের জীবন ও কর্ম ইস্রায়েলীয়দের এত প্রভাবিত করিয়াছিল যে, পরবর্তীকালে জাতীয় বিপর্যয়ের দিনে তাহারা দায়ূদের পুত্রকে রাজারূপে পাইতে চাহিয়াছিল অর্থাৎ যিনি দায়ূদের বংশধর, তাহাদের ধারণা তিনি হইবেন দায়ূদেরই মত রাজা।
বিষয়বস্তুর রূপরেখা:
যিহূদার উপর দায়ূদের রাজত্বকাল – ১:১—৪:১২
সমগ্র ইস্রায়েলের উপর দায়ূদের রাজত্বকাল – ৫:১—২৪:২৫
(ক) প্রাথমিক পর্যায় – ৫:১—১০:১৯
(খ) দায়ূদ ও বৎশেবা – ১১:১—১২:২৫
(গ) সমস্যা ও দুর্দশা – ১২:২৬—২০:২৬
(ঘ) শেষের বৎসরসমূহ – ২১:১—২৪:২৫